বর্তমান পরিপ্রেক্ষিত

সড়ক দুর্ঘটনায় আহত মোঃ শাওন আলীর মৃত্যু

By মেহেরপুর নিউজ

May 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মোঃ শাওন আলী (১৫)’র মৃত্যু হয়েছে। আহত মোঃ শাওন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে তাকে রাজশাহী নেওয়ার পথে মৃত্যু হয়। শাওন আলী মেহেরপুর সদর উপজেলা শোলমারী পাঠানপাড়ার মোঃ আশরাফ আলীর ছেলে এবং শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

বুধবার সকালের দিকে শাওন আলী তার বন্ধু মোঃ সৌরভকে নিয়ে মোটরসাইকেল যোগে শোলমারী থেকে মেহেরপুর আসছিল। এসময় তারা মেহেরপুর শোলমারীর মাঝামাঝি তেরঘরিয়া বিলের রাস্তার পাশে পৌঁছালে মোটরসাইকেল চালক শাওন আলী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাওয়ার টিলারকে ধাক্কা মারে । এতে ওই দুজন আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত শাওন আলীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।