বর্তমান পরিপ্রেক্ষিত

সততার পরিচয় দিলেন ভ্যানচালক স্বন্দীপন

By মেহেরপুর নিউজ

May 12, 2024

মেহেরপুর নিউজঃ

সাহাজুল সাজু : অটাে ভ্যানের উপর ফেলে যাওয়া যাত্রীর ৯ লাখ টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন ভ্যান চালক স্বন্দীপন। ভ্যান চালক স্বন্দীপন মেহেরপুর জেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের খ্রীস্টান পাড়ার বাসিন্দা ও খ্রীস্টান সম্প্রদায়ের মনার ছেলে।

রবিবার দুপুরের দিকে গাংনী উপজেলা শহরের সব্জি আড়ৎ ব্যবসায়ী সাহাজুল ইসলামের ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফেরত দেন তিনি।

গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনসহ স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে ভ্যান চালক স্বন্দীপন টাকার মালিক সাহাজুল ইসলামের হাতে টাকা তুলে দেন।

টাকা ফেরত পেয়ে গাংনী বাজারের বিশিষ্ট সব্জি আড়ত ব্যবসায়ী সাহাজুল ইসলাম জানান, সকালের দিকে গাংনী কাঁচা বাজার এলাকা থেকে স্বন্দীপনের পাখিভ্যানে চড়ে আমার নিজ বাড়িতে আসি। টাকার ব্যাগটি ভ্যানের চালকের সিটের পেছনে হুকের সাথে ঝুলিয়ে রেখেছিলাম। ভ্যান থেকে নেমে যাওয়ার সময় টাকার ব্যাগটি নিতে ভূলে গিয়েছিলাম। মনে মনে ভ্যান চালককে খুঁজছিলাম। এসময় ভ্যান চালক স্বন্দীপন টাকার ব্যাগটি নিয়ে আমাকেও খুঁজছিলেন। পরে বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনের মাধ্যমে আমাকে টাকা ফিরিয়ে দেন।

এদিকে ভ্যান চালক স্বন্দীপনের এমন সততা দেখে গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন তার ফেসবুক পেজে লিখেছেন-আমি আজ সত্যিই গর্বিত যে, স্বন্দ্বীপনের মতো মানুষের প্রতিনিধি হতে পেরে।