বর্তমান পরিপ্রেক্ষিত

সাভারে আহতদের চিকিৎসায় মেহেরপুরে রক্ত সংগ্রহ ।। রক্ত দেওয়ার আহবান

By মেহেরপুর নিউজ

April 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ এপ্রিল: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”-সামর্থ্যবান একজন মানুষের এক ব্যাগ রক্তে তাদের জীবন বাঁচানো যেতে পারে। ঢাকার সাভারে আজ বুধবার ভবন ধ্বসে গুরুতর আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হাসপাতালের বিছানায় মুমুর্ষ এসব রোগীদের চিকিৎসার্থে প্রচুর রক্তের প্রয়োজন। সারাদেশ থেকে রক্ত দেওয়ার আহবানে মেহেরপুর থেকেও রক্ত পাঠানো হবে। আজ বুধবার রাত ১০ টার দিকে মেহেরপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে জরুরী সভায় এ সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছায় রক্তদানকারীদের রক্ত দিতে অনুরোধ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মেহেরপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে রক্ত সংগ্রহ করে বিকেলে তা ঢাকায় প্রেরণ করবে জেলা স্বাস্থ্য বিভাগ। আর্ত মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানের জন্য জেলাবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সিভিল সার্জন। মেহেরপুর সিভিল সার্জন ডাঃ আবদুস শহীদের সভাপতিত্বেতে জরুরী সভায় আরও উপস্থিত ছিলেন জেনারেল হাসপতালের তত্বাবধায়ক নজরুল ইসলাম, আরএমও ডাঃ অলোক কুমার দাস, বিএমএ সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, স্বাচিপ সভাপতি ডাঃ আবুল বাশার, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক, সাংবাদিক রাশেদুজ্জামান, শিক্ষক রাহিনুজ্জামান পোলেন, রাবেয়া মেডিকেল সেন্টারের সত্বাধিকারী মুকুল বাশারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।