বর্তমান পরিপ্রেক্ষিত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

By Meherpur News

June 11, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেছেন, ভালোকে গ্রহণ করতে হবে এবং মন্দকে বর্জন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্বকে এক সুতোয় বেঁধেছে, তবে এ মাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, মাদকের প্রতি আসক্তি মানুষের মেধাকে কুলুষিত করে এবং সমাজের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দেখেই তা শেয়ার করা উচিত নয়। আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে, এরপর মতামত প্রকাশ করতে হবে।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুব-উল আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসারুল হক, রেজাউল করিম ও আনোয়ারুল হক কালুসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় সরকারি চাকরিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।