মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের কাথুলী সড়কে জেড ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি তদারকি করেন।
জেড ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, শহরের মাঠপাড়া ও নতুনপাড়ার কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রায়ই সিরিয়াল ছাড়া তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রবিবার তারা প্রায় ৫০টির বেশি মোটরসাইকেল নিয়ে একযোগে পাম্পে এসে শৃঙ্খলা ভেঙে তেল নিতে চায়। এতে বাধা দিলে তারা অতর্কিত হামলা চালিয়ে পাম্পে ভাঙচুর করে।
তিনি আরও জানান, এ ধরনের নিরাপত্তাহীনতায় ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।