বর্তমান পরিপ্রেক্ষিত

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

By Meherpur News

April 11, 2026

মেহেরপুর নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পড়ে যাওয়া একটি ফুটবল তুলতে গিয়ে মেহেরপুরের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে—আদনান (১০) ও আব্রাহাম (৭)।

তারা সোনারগাঁয়ের রায়েরটেক এলাকার খান বাড়ির নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। নিহতদের বাবা জিয়াউর রহমান জানান, তার দুই ছেলে স্থানীয় ‘আব্দুল্লাহ ইবনে মাসুদ’ মাদ্রাসায় পড়াশোনা করত।

শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তারা বাড়ির পাশে পুকুরপাড়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে একজন তা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে অপর ভাই তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।