মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
হারিয়ে যাওয়ার প্রায় ২০ বছর পর ময়মনসিংহ জেলার চকমতি গ্রামের রুস্তম খাঁ তার পরিবারের সদস্যদের কাছে ফিরে গেছে। শুক্রবার সকালের দিকে এক মহামিলনের মধ্য দিয়ে রুস্তম খাঁ (৪৬) তার ছোট ভাই রফিকুলের সাথে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রুস্তম ও রফিকুল জানান, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চকমতি গ্রামের সুনাম খাঁর ছেলে রুস্তম খাঁ প্রায় ২০ বছর আগে মানসিক রোগে আক্রান্ত হয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হন। ওই সময় তার গ্রামের বাড়িতে রুস্তম খাঁর পিতা-মাতা, তার স্ত্রী আনোয়ারা ও শিশু কন্যা মিলি ও তার ভাই রফিকুলকে রেখে আসে। দেশের বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে সব শেষে প্রায় ৬ মাস আগে মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা ও শালিকা গ্রামে অবস্থান করতে থাকে।ওই সময়ের মধ্যে সে ওই এলাকার একটি পরিচিত মুখে পরিচিত হলেও সে তার বাড়ির ঠিকানা ও স্বজনদের কথা জানাতে ব্যর্থ হয়। অবশেষে গত কয়েক দিন আগে থেকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এলজি শাখার কর্মচারি বাড়িবাঁকা গ্রামের মোঃ আব্দুস সবুর রুস্তমের সাথে ভাব জমাতে থাকেন। এক পর্যায়ে রুস্তম তার গ্রামের বাড়ি ও উপজেলার নাম জানাতে সমর্থ হয়। এর পর থেকে আব্দুস সবুর টেলিফোনে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করেন।ওই সূত্র ধরে চকমতি এলাকার ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে চেয়ারম্যান চকমতি গ্রামের রুস্তম খাঁ হারিযে যাবার বিষয়টি নিশ্চিত করেন এবং গত বৃহস্পতিবার চেয়ারম্যান রুস্তম খাঁর পরিবারের সাথে মোবাইল ফোনে আলাপ করে দেন। তার দেয়া ঠিকানা মতে রুস্তম খাঁর ভাই রফিকুল, চাচাত ভাই ইউনুচ, জিয়া, কামরুল ও চাচা ইউনুচ আলী গত পরশু বৃহস্পতিবার রাতে মেহেরপুর বাড়িবাঁকা গ্রামে পৌঁছান। এসময় রুস্তম খাঁ তার ভাইকে চিনতে পেরে আবেগে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এসময় সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। রুস্তম খাঁ ও তার ভাই রফিকুল একে অপরকে চিনতে পারলেও সাথে আসা তার চাচতো ভাইরা তাকে চিনতে ব্যর্থ হয়। এদিকে আরও জানা যায়, রুস্তম খাঁর বাড়িতে রেখে আসা মেয়ে মিলির ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। মিলি নিজেও একটি কন্যা সন্তানের জননী হয়েছে। আলাপ চারিতা শেষে শুক্রবার সকালে রফিকুল তার ২০ বছর আগের হারিয়ে যাওয়া ভাই রুস্তম খাঁকে নিয়ে নিজ ঠিকানা ময়মনসিংহ এর নন্দাইল উপজেলার চকমতি গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।