মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়। আজই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। বাসস
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর বিধি ৩ (বি) অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ প্রদান করেন। নবনিযুক্ত উপদেষ্টাদের মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা হলেন: ১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ২. নজরুল ইসলাম খান ৩. রুহুল কবির রিজভী আহমেদ ৪. মো. ইসমাইল জবিউল্লাহ ৫. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা হলেন: ১. হুমায়ুন কবির ২. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম ৩. ডা. জাহেদুর রহমান ৪. মাহদী আমিন ৫. রেহান আসিফ আসাদ।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, উপদেষ্টারা স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা এবং যাবতীয় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।