মেহেরপুর নিউজঃ দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা শেষে কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী সম্মাননায় বিদায় জানানো হলো মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর কলোনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনকে।
১৯৮৯ সালের ৩ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করা জাহাঙ্গীর হোসেন অবসর গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিনসহ অন্যান্যরা। এ সময় সহকর্মী শিক্ষকদের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশে সহকর্মীরা তাকে একটি সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়ি মুজিবনগর উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে পৌঁছে দেন।