মেহেরপুর নিউজঃ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে খুলনা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে মেহেরপুর জেলা দল প্রথম ম্যাচে জয়লাভ করেছে। রবিবার অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মেহেরপুর জেলা দল ৩ উইকেটে বাগেরহাট জেলা দলকে পরাজিত করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাগেরহাট জেলা দল মেহেরপুরের শ্রাবণের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। বাগেরহাটের পক্ষে তানভীর সর্বোচ্চ ৫৯ রান করেন। মেহেরপুরের শ্রাবণ ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান।
জবাবে ব্যাট করতে নেমে মেহেরপুর জেলা দল প্লাবনের অর্ধশতক ও ওমরের ৪৪ রানের সুবাদে ৩৬ বল এবং ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মেহেরপুরের পক্ষে প্লাবন ৫৪, ওমর ৪৪, হাসিবুল ৩৬, রানা ৩৩, অনু অপরাজিত ২৩ এবং দলীয় অধিনায়ক সোহানুর ১৫ রানে অপরাজিত থাকেন।
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয়লাভ করায় মেহেরপুর জেলা দলকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর অভিনন্দন জানিয়েছেন।