মেহেরপুর নিউজ:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পতাকা উত্তোলন, কপোত মুক্তকরণ, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জেলা সমবায় অফিস এ দিনটি পালন করে। মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, ডা. অলোক কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার সৈয়দ জসীমউদ্দীন। রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবী প্রতিনিধি আব্বাস আলী, ক্ষুদিরাম হালদার প্রমূখ।
এদিকে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকালে একটি র্যালীবের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর নেতৃত্বে র্যালীটি জেলা সমবায় অফিস থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে সেখানে শান্তির প্রতিক কবুতর উড়ানো হয়। পরে সমবায় কাজে বিশেষ অবদান রাখায় সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।