আপডেট
জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান বেল্টু হত্যার ২ দিন পার হলেও এখনও মামলায় কেউ বাদী হয়নি। পরিবারের পক্ষ থেকে বা দলীয় পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত থানায় মামলার এজাহার জমা দেননি বলে জানিয়েছেন পুলিশ। তবে মামলার প্রস্তুতি চলছে বালে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
বেল্টু হত্যার প্রতিবাদ,পুলিশ সুপারকে প্রত্যাহারসহ হত্যাকারীদের আটকের দাবীতে গাংনীতে দ্বিতীয় দিনের মত অবরোধ চলছে।দলীয় নেতা সাইদুর রহমানকে হত্যার প্রতিবাদে সরকারী দল আওয়ামীলীগ শুক্রবার গাংনীতে এ অবরোধের ডাক দেন।
আওয়ামীলীগের ডাকা অবরোধের কারনে শুক্রবার সকাল ৯ টা থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস ট্রাক, মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিনবার গাংনী উপজেলা শহরে ও বামুন্দী বাসস্ট্যান্ডে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ছাড়াও মটর শ্রমিক ইউনিয়নের লোকজন রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ করে রেখেছেন।
অবরোধের কারনে গাংনী উপজেলা শহরের অধিকাংশ দোকানপাট খুলতে সাহস পাচ্ছেনা দোকানদাররা। এদিকে বামুন্দী বাজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে। আতংকের কারনে দোকানপাট খুলছেনা ব্যবসায়ীরা।
বামুন্দী বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি স্ইাদুর রহমান টেবু জানান,সন্ত্রাসীদের অব্যাহত হুমকীতে বামুন্দী বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছে।
এদিকে অবরোধ থাকার কারনে স্কুল ,কলেজগামী ছাত্র ছাত্রী ছাড়াও ব্যবসায়ী ও চাকুরীজীবিরা চরম ভোগান্তি পোহাচ্ছে।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন জানান, আমাদের দলীয় নেতা সাইদুর রহমান বেল্টু হত্যার বিচার ও পুলিশ সুপারকে প্রত্যাহরের দাবীতে আজ সারাদিন কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলনসহ গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে শোক র্যালি করা হবে। এছাড়া অবরোধ চলবে।
এদিকে একের পর এক হত্যার পর বামুন্দীসহ গাংনী উপজেলার আওয়ামীলীগ ও বিএনপি নেতাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। সকল দলের নেতা কর্মীরা এখন সাবধানে চলাচল করছে। এদিকে হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে পুলিশ ও র্যাব-৬ গাংনী ক্যাম্প যৌথভাবে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানী ও গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
উল্লেখ্য, বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও মেহেরপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বেলটুকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দেবীপুর গ্রামের বাড়ির নিজ ঘরের দোতালায় গুলি করে হত্যা করে।