গাংনী প্রতিনিধিঃ
জমিজমা সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা বাদী আত্তাব আলী (৪৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আহত আত্তাব আলী গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আব্দূস সাত্তারের ছেলে।
মঙ্গলবার বেলা ২ টার দিকে বামুন্দি বাজারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আত্তাব আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানাগেছে, তেরাইল মৌজার টুনুয়ারা খাতুন ও কিতাব আলীর কাছ থেকে ২ বিঘা জমি ক্রয় করেন আত্তাব আলী।
কয়েকবছর পর দেবীপুর গ্রামের ফজলু, ইউসুফ আলী, সাদের আলী ও খবির উদ্দিন জমি তাদের বলে দাবী করেন এবং জমি দখলের চেষ্টা করেন।
এমন পরিস্থিতিতে আত্তাব আলী তার অধিকার প্রতিষ্ঠায় মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। জমি জমা সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা করায় মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মামুনুর রশিদ ও তার লোকজন মামলার বাদী আত্তাব আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন । গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।