মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেহেরপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেহেরপুরের সভানেত্রী টুম্পা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” আলোচনা সভায় নারী অধিকার, নিরাপত্তা, সমতা এবং সমাজে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।