মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
মেহেরপুর জেলার সদর উপজেলার আমঝুপি-রঘুনাথপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা গরু ব্যবসায়ীর কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা কুপিয়ে জখম করে ৩ ব্যবসায়ীকে। আহতদের মধ্যে মারাত্নক জখম গরু ব্যবসায়ী রবিউল ইসলাম বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা।
এদিকে আতংক সৃষ্টির জন্য পরপর দু’টি বোমার বিস্ফোরণ ঘটায় ছিনতাইকারীরা। তবে বিস্ফোরিত বোমায় কারো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
আজ শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কুদ্দুসের ছেলে রবিউল ইসলাম রঘুনাথপুর গ্রাম থেকে এবং রঘুনাথপুর গ্রামের কাওসারের ছেলে রানা ও একই গ্রামের ফজলুরের ছেলে সাফদার পেঁয়াজ বিক্রি শেষে আমঝুপি থেকে নিজ গ্রাম রঘুনাথপুর ফিরছিলেন। আমঝুপি-রঘুনাথপুর সড়কের খগড়াজল মাঠ নামক স্থানে ছিনতাইকারীরা প্রথমে গরু ব্যবসায়ী রবিউলের পথরোধ করে তার কাছে থাকা নগদ টাকা সহ সবকিছু ছিনিয়ে নেয়। অপরদিক থেকে আসা রানা ও সাফদারকে দাঁড় করিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিলে উভয় প্রতিরোধ করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে তাদের লক্ষ্য করে পরপর দু’টি বোমার বিস্ফোরণ ঘটায় ছিনতাইকারীরা।