মেহেরপুর নিউজ:
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। বুধবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর অরণি‘র সভাপতি এবং প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষে নিশান সাহেবের, আতিক স্বপন প্রমুখ।
বক্তারা ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে ক্লান্ত, তখন অবৈধ দখলদার ইসরায়েল দানবীয় রূপে আবির্ভুত হয়েছে। সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও হত্যাকান্ড চালিয়ে আসছে।
মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার প্রয়োজনে ফিলিস্তিনে একটি কৃত্রিম রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করে। ১৯৬৭ সালের এক যুদ্ধে জেরুজালেমের এক অংশ দখল করে তাদের রাজধানী ঘোষণা করে ইসরাইল। সেই সময় থেকেই প্রায় প্রতিবছরই ইসরাইল জেরুজালেম দিবস পালনের নামে ফিলিস্তিনিদের হামলা ও হত্যাকান্ড চালায়। মানববন্ধনে নাগরিক সমাজ নেতৃবৃন্দসহ অন্যান্য শ্রেণি পেশার মানুষ একাত্মতা ঘোষণা করেন।