মেহেরপর নিউজ:
গত কদিনের টানা বর্ষণের ফলে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর, খাল বিলে পানিতে ভরে যাওয়াই উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার ধুম পড়ে গেছে। গত বর্ষার মৌসুমে মেহেরপুরে কাঙ্খিত বৃষ্টি না হলেও শরতের শেষ প্রান্তে এসে টানা তিনদিনের বর্ষণের ফলে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার পুকুর, খাল-বিলে পানিতে ভরে গেছে। অনেক পুকুরের মাছ পানিতে ভেসে অন্যত্র চলে গেছে।
এদিকে খাল-বিলে পানি বৃদ্ধি পাওয়াই মৎস্য শিকারীদের মধ্যে মাছ ধরার হিড়িক পড়ে গেছে। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষ্যাপলা জাল, ছিপ, হুইল, টানা জাল দিয়ে উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার করছে। বিভিন্ন পুকুরে বিল থেকে ভেসে আসা প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে বলে মাছ শিকারীরা জানিয়েছেন।
মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের গোপালপুর রুইমারীর খালের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শতাধিক ব্যক্তিকে ক্ষ্যাপলা জাল সহ ছিপ,হুইল দিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। ভারী বর্ষণের ফলে মূলত মাছ ধরা উৎসবে পরিণত হয়েছে।