মেহেরপুর নিউজ:
জাতীয় পরিচয় পত্র (এনআইডি) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মেহেরপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী পালনকালে নির্বাচন কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয় পত্রকে (এনআইডি) বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নতুন একটি কমিশনে নিয়ে যাওয়ার অপচেষ্টা রাতের ভোটের আয়োজক ও কুশীলবদেও সাজানো একটি ষড়যন্ত্র ছিল।
একই অবস্থা সামনের দিনগুলোকে আরও বেশি অস্থির করে তুলবে বলে আমরা আশঙ্কা করছি। নির্বাচন কমিশনে ৩৫টি বা তার বেশি তথ্য উপাত্ত বোনাস হিসেবে আসেনি। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদেও দিনরাত পরিশ্রমের ফল।
ভোটার তালিকা প্রণয়ন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। যদি সকল তথ্য ভান্ডারকে একসাথে করতে হয় এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে নিতে হয় তাহলে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সর্বোত্তম সাংবিধানিক ও শক্তিশালী জাতীয় প্লাটফর্ম হিসেবে বিবেচিত হওয়া অতি স্বাভাবিক। মানববন্ধনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।