তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুরের বিশিষ্ট ডাঃ রমেশ চন্দ্র নাথের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পরলোক গমন করেন। রমেশ চন্দ্র নাথ গত ৩০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন যাবৎ তিনি আইসিইউতে ছিলেন। ডাঃ রমেশচন্দ্র নাথ’র বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
মেহেরপুর জেলা বিএমএএর সভাপতি ছাড়াও মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, মেহেরপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি, মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি, সহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন সংগঠন শোকসন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জানিয়েছেন।