মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোরতুজা আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকালের দিকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোরতুজার নিজ বাড়িতেই তাকে দাফন করা হয়। মরহুমের মরদেহের জাতীয় পতাকা আচ্ছাদিত করে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। পরে তার বাড়ির সামনে জানাজা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোরতুজা আলীর ইচ্ছানুযায়ী তার নিজ বাড়িতে দাফন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা মোরতুজা আলীর এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
আগের দিন সন্ধ্যায় নিজ বাড়িতেই বীরমুক্তিযোদ্ধা মোরতুজা আলী হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মোরতুজা আলীর মৃত্যুর মাত্র ২৪ ঘন্টা পূর্বে তার সহধর্মিণী মাবিয়া খাতুন মৃত্যুবরণ করেন। এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হওয়াই কলাইডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে আসে।