তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভূয়া পদবী ব্যবহার করে ইউএনও অফিসে আবেদন পত্র দাখিলের অভিযোগ উঠেছে জনৈক ব্যক্তি আকরামুল হকের বিরুদ্ধে। আকরামুল হক উপজেলা খাদ্য গুদামের গম সংগ্রহের জন্য প্রস্তুতকৃত তালিকা ও কর্মকর্তার ভূমিকা বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন ইউএনও অফিসে।
জানাগেছে, গত ১০ মে তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আকরামুল হক নামের জনৈক ব্যক্তি পৌর যুগ্ম সম্পাদক পদবী উল্লেখ করে আবেদন পত্রটি দাখিল করেন। এর পর বিষয়টি পৌর আওয়ামীলীগের কমিটির সদস্যদের গোচরীভূত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি মারফত আকরামুল হকের পৌর আওয়ামীলীগের কমিটিতে যুগ্ম সম্পাদক পদে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে বলেন, পৌর আওয়ামীলীগের কমিটিতে আকরামুল হক নামের কোন সদস্যর অস্তিত্ব নাই। প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা গেছে উক্ত যুগ্ম সম্পাদক পদে জাকির হোসেন এবং মতিয়ার রহমান মাষ্টার দায়িত্ব পালন করছেন। লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জনৈক আকরামুল হকের বিরুদ্ধে আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভূয়া পদের ব্যবহার, জালিয়াতি, দালালী, চাঁদাবাজীর অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন জানান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সাথে কথা হয়েছে। জানা গেছে পৌর আওয়ামীলীগের কমিটিতে আকরামুল হক নামের সদস্যর কোন অস্তিত্ব নাই। তাছাড়া আওয়ামীলীগের পদ পদবী হাটে-বাজারে ক্রয় করা যায় না। যে কেউ ইচ্ছা করলেই আওয়ামীলীগের নেতা হতে পারবে না।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, খোঁজ খবর নিয়ে যতদূর জানাগেছে আকরামুল হক ভূয়া পরিচয় দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। সে প্রকৃতপক্ষে আওয়ামীলীগের কেউ না।
এ বিষয়ে আকরামুল হক জানান, আমার নাম কাগজ পত্রে আকরামুল হক তবে পৌর কমিটিতে এনামুল হক লেখা আছে। প্রকৃতপক্ষে আকরামুল হক ও এনামুল হক একই ব্যক্তি বলেও দাবী করেন। সেই সাথে তার দুইটা নামের ব্যবহার প্রচলন আছে বলেও দাবী করেন তিনি।