আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান বেল্টু হত্যার প্রত্যক্ষদর্শি বাড়ির দু’জন কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য অবশেষে আটক করেছে গাংনী থানা পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকান্ডের ব্যাপারে গাংনী থানায় কোন মামলা হয়নি।
আটককৃতরা হলেন, বাড়ির কেয়ারটেকার ইয়াছিন আলী (৫৬) ও বিপ্লব (১৩)। আজ শুক্রবার সকালের দিকে গাংনী থানা পুলিশ তাদের আটক করে গাংনী থানায় নিয়ে আসে।
গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আওয়ামীলীগ নেতা বেল্টুকে হত্যার সময় এ দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সময় ঘটে যাওয়া কথাপোকথন সমন্ধে তথ্য দিয়েছে। কেয়ারটেকারদের দেওয়া তথ্য মতে এ হত্যার রহস্য উন্মোচনের অনেক অগ্রগতি হয়েছে । তবে এখনো এসব তথ্য তদন্তের স্বার্থে দেওয়া যাবেনা বলেন জানিয়েছেন ওসি মিজানুর রহমান।
তিনি আরও বলেন, বাড়ির কাজের কেয়ারটেকারদের জীবনে ঝূঁকি থাকায় তাদের এ মূহূর্তে ছেড়ে দেওয়া যাবেনা।তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
এদিকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রাব্বানী জানান,বেল্টু হত্যার ব্যাপারে র্যাব আলাদা করে তদন্ত করে অনেক তথ্য পেয়েছে। কয়েক দিন পর আসল খুনিদের সনাক্ত করা যাবে।
এদিকে দলীয় নেতা সাইদুর রহমান বেল্টুর হত্যাকারীদের বিচার ও মেহেরপুর পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকীর প্রত্যাহার ও গ্রেফতারের দাবীতে শুক্রবার দিন ব্যাপি মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে রেখেছিল আওয়ামীলীগ নেতা কর্মিরা। মেহেরপরু-কুষ্টিয়া সড়কের গাংনী শহর ও বামুন্দী বাজারের উপর বিক্ষুব্ধ নেতা কর্মিরা দিনভর টায়ার জ্বালিয়ে বাস,ট্রাকসহ সকল প্রকার যানবাহন অবরোধ করে রাখেন।
শনিবার সকাল থেকে কালো পতাকা উত্তোলন,কালোব্যাজ ধারণ সহ শোক র্যালির আয়োজন এবং রোববার গাংনী উপজেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে গাংনী উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার বেলা ১২ টার সময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৩ দিনের এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে সাইদুর রহমান বেল্টু হত্যার পর থেকে এলাকায় নতুন করে আতংক সৃষ্টি হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন সাংবাদিক সম্মেলনে বলেন,এসপি মীর্জা আব্দুল্লাহেল বাকী এ জেলায় যোগদান করার পর থেকেই গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে বিএনপি সন্ত্রাসীদের হাতে ৮ জন আওয়ামীলীগ,যুবলীগের নেতা কর্মী নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন।
গাংনী পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা আহমেদ আলী জানান,এসপি ’র প্রত্যক্ষ মদদে বিএনপি’র সন্ত্রাসীরা আওয়ামীলীগ ও যুবলীগ নেতা কর্মিদের হত্যা করেছে। হত্যাকরী এসব সন্ত্রাসীদের এসপি না আটক করে তাদের বিভিন্ন ভাবে সহায়তা দিচ্ছে। এসপি মীর্জা আব্দুল্লাহেল বাকীকে ৩ দিনের মধ্যে প্রত্যাহার ও গ্রেফতার না করা হলে রোববার সকাল সন্ধ্যা হরতালের পর লাগাতার হরতালসহ অবরোধের ডাক দেওয়া হবে।
এদিকে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন জানান, আওয়ামীলীগের অভ্যন্তরিন কলহের জের ধরে বেল্টু নিহত হলেও আওয়ামীলীগের পক্ষ থেকে হত্যার দোষ বিএনপি’র ঘাড়ে চাপানোর চেষ্টা চালাচ্ছে আওয়ামীলীগ। তিনি আওয়ামীলীগ নেতা বেল্টু সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবী জানান।