গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম সেন্টু (৪০)। তিনি উপজেলার বামন্দী চেরাকী পাড়ার মৃত ছবকুল হোসেনের ছেলে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্পের একটি দল বামন্দী এলাকায় সেন্টুর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মেহেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফজলে রাব্বি। অভিযান শেষে সেন্টুকে আটক করে গাংনী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।