সাহাজুল সাজু :
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে শতাধিক ক্ষুদ্র খামারি গরু মোটাতাজাকরণে অর্থ বিনিয়োগ করেছেন। ভারত থেকে গরু না আসায় এ বছর ভালো লাভের আশা করছেন খামারিরা। তবে কঠোর লকডাউনের কারণে বেঁচা-বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
জানা গেছে, গাংনী উপজেলার স্বল্প আয়ের মানুষগুলো বাড়তি লাভের আশায় কোরবানির ঈদের ৬ মাস আগে থেকেই গরু মোটাতাজা শুরু করেন। কোরবানি উপলক্ষে উপজেলার ৯টি ইউনিয়নের সব ক’টি গ্রামে কম বেশি গরু মোটাতাজা করা হয়ে থাকে। উপজেলা ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি বাড়িতেই ২/১টি করে ষাঁড় গরু মোটাতাজা করা হলেও কঠোর লকডাউনের কারণে তারা চিন্তিত হয়ে পড়েছে।
গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বড় খামারি হাফিজুর রহমান এ বছরে ১৫টি দেশি ও বিদেশে জাতের গরু পালন করছেন। তিনি কয়েক বছর যাবত কোরবানির ঈদে গরু মোটাতাজাকরণের জন্য পালন করেন।
তিনি জানান, খৈল, ভুসি, ভুট্টা ও খড়-কুড়ার দাম বৃদ্ধি পাওয়ার পরও ২ বছর ধরে গরু মোটাতাজাকরণ করে আসছি। গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামের ভাষান আলী এ বছর ১টি ফিজিয়াম জাতের ষাঁড় গরু মোটাতাজাকরণের জন্য পালন করছেন। তিনি জানান, ১টি গরু প্রায় ৩ লাখ টাকা দিয়ে ক্রয় করে বেশ কয়েক বছর ধরে পালন করে আসছি । বাজার ভালো হলে ১৫ লাখ টাকায় বিক্রির আশা করছি।