গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী রবিউল মেমোরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অভিযােগ তুলে ও মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার দুপুরে গাংনী এইচ,এম ডায়াগনস্টিক সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাংনী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, গাংনী উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিঠু।
লিখিত বক্তব্যেই দেলােয়ার হােসেন মিঠু বলেন, গাংনী রবিউল মেমোরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলাম গত ২ সেপ্টেম্বর গাংনী উপজেলার কাথুলী গ্রামের চুমকী খাতুনকে ভোরের আলো উন্নয়ন সংস্থার নামে গর্ভবতীর স্বাস্থ্য সেবা কার্ড করে দেন এবং সিজার করানোর জন্য ৬ হাজার ৫শ টাকা চুক্তি করেন। পরে তরিকুল ইসলাম চুক্তি ভঙ্গ করে চুমকীর পরিবারের কাছে ৮ হাজার ৫শ টাকা দাবি করেন। এনিয়ে চুমকীর পরিবারের পক্ষ থেকে গাংনী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতিকে অবহিত করে। পরে তরিকুলকে সমিতির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলােচনা করার জন্য বলা হয়। তরিকুল বিষয়টি নিয়ে সমিতির লােকজনকে এড়িয়ে চলে।
সমিতির পক্ষ থেকে তরিকুলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে তরিকুল নােটিশের কোন জবাব প্রদান দেননি। এদিকে তরিকুল কৌশলে তার স্ত্রীকে দিয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই সাথে মেহেরপুর প্রতিদিন পত্রিকায় মানসম্মান ক্ষুন্ন করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। তরিকুলের এ কর্মকান্ডে সমিতির মানক্ষুন্ন হয়। পাশাপাশি আমার সম্মানহানি করেছেন। সংবাদ সম্মেলনে গাংনী উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।