তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে তিন মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে গাংনীর কল্যাণপুর খুচিয়াডহর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ গ্রাম গাঁজা ও ২৫০ মি.লিটার অ্যালকোহল।
আটককৃতরা হচ্ছে এ উপজেলার চককল্যাণপুরের ফুরকান আলীর ছেলে সাব্বির (২১), দেবীপুরের মৃত শাহিনুর ইসলামের ছেলে আরাফাত ওরফে সবুজ (২২) ও একই গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা(২২)।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, আটককৃতরা গাঁজা ও অ্যালকোহল বেচাকেনা করছে এমন গোপন অভিযোগের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টীম সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ২৫০ মি. লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।