সাহাজুল সাজু :
ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে মেহেরপুরের গাংনীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগের শিকার খেটে খাওয়া নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষেরা। যান চলাচল ও দৈনন্দিন কাজে দেখা দিয়েছে স্থবিরতা। সব মিলিয়ে জবুথবু হয়ে পড়েছে মেহেরপুরের গাংলী এলাকার জনপদ। গত কয়েক দিনে দেশের অন্যান্য এলাকার মতাে গাংনী উপজেলার সর্বত্রই বিরাজ করছে শীতের প্রবল আবহ। প্রায় সারাদিনই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। সেই সাথে প্রবাহিত হচ্ছে মৃদু হিমেল বাতাস।
দুপুরের দিকে সূর্যের মুখ দেখা গেলেও ২/১ ঘণ্টার মধ্যেই তা উধাও হয়ে যায়। দুপুর নাগাদ শীতের তীব্রতা কিছুটা কমলেও বিকেল থেকে আবারও বৃদ্ধি পায়। তবে আজ মঙ্গলবার সারাদিনে সূর্যের দেখা মেলেনি।
গত কয়েকদিনে রাত গভীর হওয়ার সাথে সাথে ঠাণ্ডার প্রকোপ অসহনীয় পর্যায়ে পৌঁছে। যা সকালেও বহাল থাকায় বেহাল দশায় প্রাণীকুল। কুয়াশার ঘনত্ব এতােটাই বেশি যে মাত্র ২ গজ দূরেও কিছু দেখা যাচ্ছেনা। কুয়াশার কারণে যানবাহনের হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
আজ মঙ্গরবার সারাদিন গাংনী এলাকা জুড়ে কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হয়নি। গাংনী উপজেলা শহর,বামন্দী,গাঁড়াবাড়ীয়া, ভাটপাড়া, কাজীপুর, ধানখােলা, আড়পাড়া, রাইপুর, গাঁড়াডােব, পােড়াপাড়া, বাঁশবাড়ীয়া, চিৎলা,পাকুড়িয়া,হাড়িয়াদহ,কসবা-ভাটপাড়া, দিঘলকান্দি, হেমায়েতপুর, মড়কা, এলাঙ্গী, জােড়পুকুরিয়া, আকুবপুর, মহাম্মদপুর, কাজীপুর,সাহেবনগর,নওদাপাড়া,বেতবাড়ীয়া,ভবানীপুর,হাড়াভাঙ্গা, দেবীপুর, তেঁতুলবাড়ীয়া, করমদী, চেংগাড়া, ধর্মচাকী, হিজলবাড়ীয়া, হিন্দা, ভরাট, খাসমহল, কাথুলী, নওয়াপাড়া-ভাটপাড়া, সাহারবাটী, সহড়াতলা, আমতৈল-মানিকদিয়া, বাদিয়াপাড়া, তেরাইল, বাওট, ছাতিয়ান, রামনগর বাজারসহ বিভিন্ন বাজারে শৈত্যপ্রবাহের কারণে জনসমাগম কম লক্ষ্য করা গেছে। রিকশা-ভ্যান চালক, দিনমজুর, কৃষি শ্রমিকরা পথে ও মাঠে নেমে সামান্য কাজ করেই শীতে কাবু হয়ে পড়ছে।
হিম শীতল আবহাওয়ায় মূহুর্তেই জমে যাচ্ছে শরীর। একাধিক গরম কাপড় গায়ে দিয়েও শীত নিবারণ করা যাচ্ছেনা। তাই কাজ ছেড়ে হাত গুটিয়ে একটু আগুন তাপাচ্ছে অনেকে।