গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন-ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ার মৃত পাচু মন্ডলের ছেলে হিফাজ উদ্দীন (৬০),তার স্ত্রী ময়না খাতুন(৫৫), মেয়ে জোসনা খাতুন (৩৪) ও আবুল কাশের স্ত্রী রঙ্গিলা খাতুন (৬৫)। অন্যপক্ষের আহতরা হলেন-মিনারুল ইসলাম (৪৭) ও সজল হােসেন (২৬)।
রবিবার সকাল ৬ টার দিকে ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে,ছাতিয়ান গ্রামের জহির উদ্দীনের কাছ থেকে ৩ শতক জমি ক্রয় করেন একই গ্রামের ময়না খাতুন। ওই দাগেই জহির উদ্দীনের কাছ থেকে কয়েক শতক জমি ক্রয় করেন একই গ্রামের মিনারুল ইসলাম। এ জমি নিয়ে মিনারুল ও ময়নার পরিবারের মধ্যে কয়েক বছর যাবত দ্বন্দ্ব চলে আসছিল।
রবিবার সকালে ওই জমির উপর ঘর নির্মাণ করছিলেন মিনারুল। এনিয়ে দু’পক্ষের লােকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ময়নাসহ তার পক্ষের ৪জন আহত হয়। অন্যপক্ষের দুইজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়। উভয়পক্ষের আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।