তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে লাভলী (৩৫) নামের প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মহিলা ডিগ্রী কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত লাভলী খাতুন পশ্চিম মালসাদহ ঘোনাপাড়ার প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী। আহত লাভলী খাতুন জানান, ৭/৮ বছর আগে মহিলা ডিগ্রী কলেজ পাড়ায় ৪.২৫ শতাংশ জমি তার স্বামী ক্রয় করেন। একই প্লটে জনৈক লাল্টু ড্রাইভার ৪.২৫ শতাংশ জমি ক্রয় করে সাড়ে ৮ শতাংশ সম্পূর্ণ জমি দখল করে নেয়। সোমবার লাভলী খাতুন পৌরসভায় একটি লিখিত আবেদন করেন। সে প্রেক্ষিতে বুধবার লোকজনসহ উভয় পক্ষকে পৌরসভায় উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে লাভলী খাতুন জমিতে গিয়ে দেখতে পায় লাল্টু বাকি জমি দখলের উদ্দেশ্যে একটি টিন শেডের একচালা ঘর তৈরি করেছে। এ বিষয়ে বলতে গেলে লাল্টুর স্ত্রী হিরা খাতুনের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হিরা খাতুন বাঁশ দিয়ে পিটিয়ে লাভলী খাতুনকে জখম করে এবং এক জোড়া দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলেন লাভলী খাতুন। ছেলে লাভলু তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে ভর্তি করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছিল।
অন্যদিকে প্রতিপক্ষ হিরা খাতুন জানান, লাভলী খাতুন ও তার ছেলে লাভলু আমাকে আঘাত করতে আসলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে লাবলী খাতুনের বাম কানের দুলটি কান ছিঁড়ে পড়ে যায়। সে দুলটি কুড়িয়ে নিয়ে ছেলের সাথে চলে যায়। দুল ও চেইন ছিনিয়ে নেওয়ার কথা সঠিক নয় বলে জানান হিরা খাতুন। একই পাড়ার প্রত্যক্ষদর্শী আব্দুল খালেকের ছেলে ইমাদুল হক একই কথা জানালেন।
হিরা খাতুনের স্বামী লাল্টু জানান, প্রবাসীর শহিদুল ইসলামের সাথে তার জমির দরদাম হয়েছে তাই সে উক্ত জমি তার নিজ দখলে নিয়ে পায়খানা, গোসলখানা ও টিন শেডের চালা তৈরি করেছেন। তিনিও পাল্টা মামলার প্রস্তুতির কথা জানিয়েছেন। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।