গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক আল আমিন হোসেনকে জামিন দিয়েছেন আদালত। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম রাফিয়া সুলতানার আদালতে জামিনের আবেদন করা হলে,তিনি জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ। আসামী পক্ষের আইনজীবি ছিলেন শফিকুল আলম। এর আগে শনিবার ভোরে গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে সাংবাদিক আল আমিন হােসেনকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ । আল আমিন ঢাকা থেকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি।
উল্লেখ্য : ২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় মেহেরপুর- (গাংনী) আসনের সাবেক এমপি মকবুলের ভাড়াকৃত বাড়ি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় । প্রকাশিত পত্রিকায় আরাে লেখা হয়েছিল, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি। এ সংবাদটি প্রকাশ হওয়ার পর গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদি হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১২ তাং- ১৩-০৫-২০২০ইং।