গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি খাসমহল গ্রামে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ৮৬ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন খাসমহল গ্রামের সহিদা খাতুন ও তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে সহিদা খাতুন লিখিত বক্তব্যেই বলেন,আমার দেবর খাসমহল গ্রামের রবজেল আলী পারিবারিক কলহের জের ধরে গত বছরের ২৫ সেপ্টম্বার গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছিল।
দেবর রবজেলকে আমার পরিবারের লোকজন ষড়যন্ত্র করে হত্যা করেছে এমন হুমকি দিয়ে একই গ্রামের আব্দুল হোসেনের ছেলে লিটন হোসেন মেহেরপুর জেলা ডিবির নাম করে দু’বারে ৮৬ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা না দিলে,ডিবির ওসি আমার পরিবারের লোকজনকে আটক করে মারধর ও জেল দেবেন এমন ভয়ভীতি প্রদর্শন করে লিটন আমার পরিবারের সাথে টাকা হাতিয়ে নেয়। বিষয়টি পরে আমি বুঝতে পেরে লিটনের সাথে টাকা ফেরত চাইলে,সে প্রশাসনের ভয়ভীতি দেখায়। প্রতারক লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী জানান,টাকা নেয়ার বিষয়টি জানিনা। এবং এ ধরণের বিষয় নিয়ে এখনও কেউ অভিযোগ করেনি। তবে আমার বা ডিবির নাম ভাঙ্গিয়ে কেউ টাকা নিলে,তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।