তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাংনী উপজেলার কাজিপুর মুন্সিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর থেকে সেলিম রেজা (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেলিম রেজা কাজিপুর হাজীপাড়ার আনিসুর রহমানের ছেলে।
অন্যদিকে, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে কাজিপুর জমাদারপাড়া থেকে ইমরান হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ইমরান হোসেন কাজিপুর জামাদার পাড়ার আজিমুদ্দিনের ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।