তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কুলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কুলবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে ইনারুল ইসলাম (৪০) জানান, স্থানীয় বিকাশ ব্যবসায়ী ওসমান আলী দোকান ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নবীছদ্দিনের ছেলে হাসেম আলী চুরি করেছে এমন অপবাদ দিয়েছে মৃত কাজিম আলীর ছেলে ছমির উদ্দিন। অপবাদটি ছড়িয়ে পড়লে হাশেম আলীর ভাই সেকু বিষয়টি জানার জন্য ছমিরউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছমির পক্ষের মৃত ছহিরউদ্দিনের ছেলে নুর ইসলাম (৪৫), মৃত কাজিমউদ্দিনের ছেলে ছমির উদ্দিন (৪৫), মৃত ছহিরুদ্দিনের স্ত্রী জামেনা খাতুন (৭০), ইউনুস আলীর ছেলে একরামুল হক (৩৭) ও একরামুল হকের স্ত্রী শ্যামলী খাতুন (৩০) আহত হয়।
অপরপক্ষে মৃত সুন্নত কারিকরের ছেলে শামসুল হক (৭০) ও সহোদর আমজাদ আলী (৭৫) আহত হয়। আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে ছমিরউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
তবে সৌদি প্রবাসী বেল্টুর স্ত্রী রুমানা খাতুন ২২) জানান, স্থানীয় সাবাজ আলীর ছেলে জীবন (২৮) তাকে বিরক্ত করতো প্রতিকার পেতে সে বিজ্ঞ আদালতে মামলা করেছে যার নম্বর ২৪৯।
উক্ত মামলায় হাজিরা দিতে গেলে আদালত জীবনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার প্রতিশোধ নিতেই সেকু ও শামসুল হক তার দলবল নিয়ে অতর্কিত হামলা করে।
প্রতিপক্ষ শামসুল হক এ অভিযোগ অস্বীকার করে অভিযোগকারীরা তাদেরকে অতর্কিত হামলা করে হত করেছে বলে দাবি জানান।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।