গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে দু’টি মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন মােটরসাইকেল আরােহী মারাত্বকভাবে আহত হয়েছেন।
আহতরা হলেন- গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের বিল্লাল হােসেনের ছেলে সাব্বির হােসেন,হেমায়েতপুর ইমারুল ইসলামের ছেলে ইমরান হােসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৮),একই গ্রামের চাঁদ আলীর ছেলে সাকিল হােসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী-হাটবােয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ ও গােপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান রাশেদুল,ইমরান ও সাকিল তিন বন্ধু একটি মােটরসাইকেলযােগে গাংনী উপজেলা শহর থেকে হাটবােয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। তারা পূর্বমালসাদহ ও গােপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে,একটি যাত্রীবাহি লেগুনা গাড়ীকে (ওভারটেক) পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মােটরসাইকেলের সাথে মুখােমুখি সংঘর্ষ হলে,দু’মােটরসাইলের ৪জন আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় আহতদের মধ্য তিন জনের শারীরিক অবস্থার অবনতি দেখে,কর্তব্যরত ডাক্তার তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গাংনী থানা সূত্র জানায়,দূর্ঘটনার খবর শুনে পুলিশের একটিদল তাৎক্ষনিকভাবে আহতদের খােঁজখবর নেয়।