মেহেরপুর নিউজ,১২ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গুচ্ছ গ্রামের মাঠ থেকে আইডি কার্ড ও চাকুরীর পরিচয়পত্র এবং পোষাক উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টার দিকে গাংনী থানা পুলিশের এসআই মাহাতাব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে চৌগাছা গুচ্ছ গ্রামের মাঠ থেকে পরিচয়পত্র,পোষাক ও ওষধের খোসা উদ্ধার করে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,কৃষকরা ওই মাঠের সড়কের পাশে কিছু পোষাক পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি সালোয়ার কামিজ,১টি জাতীয় পরিচয়পত্র,১টি গার্মেন্টেস-এর পরিচয়পত্র ও ওষধ উদ্ধার করে। জাতীয় পরিচয় পত্রধারী হলেন-আরেসা খাতুন,স্বামী আউয়াল হোসেন,গ্রাম বলদিয়াঘাট,থানা সাপাহার,জেলা নওগাঁ। এছাড়াও ভার্সেটাইল টেক্সটাইলস লি:-এর সুইং বিভাগের একজন এএসএমও পদে চাকুরীর পরিচয়পত্রে আরেসা খাতুনের নাম উল্লেখ রয়েছে। আরেসার চাকুরীর আইডি কার্ড নং-৪৭৪ উল্লেখ আছে।
এদিকে পরিচয়পত্রের সূত্র ধরে পাওয়া আরেসা খাতুনের স্বামী আউয়াল হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে,তিনি জানান,আরেসা খাতুন আমার স্ত্রী। আমি কয়েক বছর যাবত ঢাকাতে থেকে রামমিস্ত্রি হিসেবে কাজ করছিলাম। আর আমার স্ত্রী আরেসা একটি টেক্সটাইলে চাকুরী করতো। আমাদের স্বামী-স্ত্রীর সংসারে রয়েছে একমাত্র মেয়ে সাবিনা ইয়াসমিন। তার বয়স ৭ বছর। গত ১০ আগষ্ট আমার স্ত্রী আরেসা মেয়ে সাবিনাকে নিয়ে আমার এলাকার এক ছেলের পালিয়ে গেছে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ছিনতাইকারীরা মহিলার কাছ থেকে ব্যাগ ছিনতাই করার পর পোষাক ও পরিচয়পত্র ফেলে রেখে গেছে। তবে অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।