মেহেরপুর নিউজ, ১৩ জানুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী পল্লী বিদ্যুতের এজিএমকম- মোতাছিম বিল্লাহকে বামন্দী ইউনিয়নের ছাতিয়ান গ্রামের লিটন মেম্বর শারীরিক ভাবে লাঞ্ছিত করে ও প্রাণ নাশের হুমকি দিয়েছে।
এই ঘটনার সুত্রধরে সোমবার দুপুরে বামন্দী পল্লী বিদ্যুতের এজিএমকম- মোতাছিম বিল্লাহ বাদি হয়ে বামন্দী ইউনিয়নের ছাতিয়ান গ্রামের লিটন মেম্বরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
বাদি মোতাছিম বিল্লাহ জানান, সকালের দিকে আমাদের অফিসে ছাতিয়ান গ্রামের লিটন মেম্বর আসে এবং গাছ কাটার জন্য বিদ্যুৎ বন্ধ করে রাখতে বলে। এ সময় এজিএমকম- মোতাচ্ছিম বিল্লাহ লিটন মেম্বরকে একটি আবেদন করার পরামর্শ দেন। লিটন মেম্বর আবেদন না করেই তাকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিতে চাপ প্রয়োগ করেন। উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে এজিএমকম- মোতাচ্ছিম বিল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কিছুক্ষণ পরে আরো কিছু লোকজন নিয়ে এসে আবারো লাঞ্ছিত করার চেষ্টা করে পরে উপকারভোগীদের প্রতিরোধের মুখে পিছু হটে যায়। যাওয়ার সময় সে এজিএমকম-কে দেখে নেবে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় মেম্বর লিটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বামন্দী পল্লী বিদ্যুতের এজিএমকম- মোতাছিম বিল্লাহকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় লিটন মেম্বরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।