গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় স্বামী ও তার স্ত্রী রক্তাক্ত জখম হয়েছেন। আহত স্বামী শরিফুল (৪৮) উপজেলার বামন্দী শহর সংলগ্ন নিশিপুর গ্রামের ভাদু শেখের ছেলে। শরিফুলের স্ত্রী রােজিনা খাতুন (৪৪) দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বামন্দী ক্যাম্পের পুলিশ সদস্যরা দেবীপুর গ্রাম থেকে শরিফুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এদিকে স্থানীয়রা আহত রােজিনাকে উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা জানান,শরিফুল সােমবার রাত ৯টার দিকে নিজ বাড়ি নিশিপুর থেকে শ্বশুর বাড়ি দেবীপুর গ্রামে যান। সেখানে গিয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রােজিনার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে তার স্ত্রী রোজিনাকে মারধর করে আহত করেন। এসময় রােজিনার বাবার পক্ষের লােকজন শরিফুলকে হামলা করে।
আহত শরিফুলের মামাতাে ভাই ইলিয়াস হােসেন জানান, শরিফুল তার স্ত্রী সাথে মারামারির সময় স্ত্রী রােজিনার বাবার পক্ষের লােকজন শরিফুলকে বেঁধে রেখে হামলা করে আহত করেন। হামলার পর শরিফুলকে হত্যার উদ্দেশ্যে মুখে আগাছানাশক বিষ ঢেলে দেয়।
খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে শরিফুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী থানা সূত্র জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।