সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার ষােলমারি গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজু আহমেদ (২৬),আব্দুল মজিদের ছেলে আইয়ুব আলী (৪৭),রহেদ আলীর ছেলে সুজন আলী (২২) ও হানিফ আলীর ছেলে তাইজুল ইসলাম ওরফে তাজু (৩৫)। এছাড়াও আহত হয়েছেন বরযাত্রী গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের কামরুল ইসলাম (৩০)।
শুক্রবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চােখতােলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। একই সময়ে ওই সড়কের তেরাইল-ওলিনগর নামক স্থানে আরেকটি দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,মেহেরপুর থেকে গরু বােঝায় একটি স্টিয়ারিং গাড়ি নিয়ে গরু বিক্রির জন্য ব্যবসায়ি রাজু,তাজু,আইয়ুব ও সুজন গাংনীর বামন্দী পশু হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা চেংগাড়া গ্রাম অতিক্রম করে চােখতােলা নামক স্থানে পৌঁছালে, স্টিয়ারিং গাড়ীর আকস্মিক ভাবে চাকা খুলে যায়।
এসময় তারা গাড়ি থেকে পড়ে আহত হন। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে একই সময়ে ওই সড়কের তেরাইল-ওলিনগর গ্রামের কাছে মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী কামরুল ইসলাম আহত হন। কামরুল ও তার এক বন্ধু হাড়িয়াদহ গ্রাম থেকে বামন্দী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। দূর্ঘটনায় কামরুল জখম হলেও তার বন্ধু অক্ষত রয়েছেন। আহত কামরুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পথচারীরা।