মেহেরপুর নিউজ,০২ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্টদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে পুলিশের একটি দল বোমাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বোমাটি গাংনী থানা চত্বরে পানি ভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কাষ্টদহ গ্রামের সরোয়ার হোসেনের ছেলে রাসেল (৭) রাসেলসহ তার সহপাঠিরা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল। এসময় টেনিস বল ভেবে বোমাটি রাসেল বাড়িতে নিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন বোমাটি দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। সন্ধ্যার দিকে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে থানায় নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোমাটি লাল কসস্টেপ দিয়ে মোড়ানো ছিল। বোমা উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।