জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
মেহেরপুরের বামুন্দী ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি ও বামুন্দী বাসষ্ট্যান্ড কমিটির সভাপতি সাইদুর রহমান টেবু’র বাড়িকে লক্ষ্য করে বোমা মেরেছে সন্ত্রাসীরা। বামুন্দী ক্যাম্প ইনচার্জ সাইফুল ইসলাম রাত ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সন্ত্রাসীরা বাড়ি’র পাশ থেকে টেবু’র বামুন্দীর বাড়ির জানালাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করে।
বোমার আঘাতে ঘরের জানালার গ্লাস ভেঙ্গে পড়ে এবং বিস্ফোরিত বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে পড়ে।
বামুন্দী ক্যাম্প ইনচার্জ সাইফুল জানান,সন্ত্রাসীরা বিএনপি নেতা টেবু’র বসত ঘরের জানালাকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা ছুড়ে মারে। বোমার আঘাতে জানালার গ্লাস ভেঙ্গে মাটিতে পড়ে যায়।
বিএনপি নেতা টেবু জানান, বেশ কিছুদিন থেকে মোবাইল ফোনে সন্ত্রাসীরা ২ লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছিল। সন্ত্রাসীদের দাবী করা চাঁদা দিতে অস্বীকার করাই আজ রাতে বোমা হামলা চালায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বোমা মারার কথা স্বীকারকরেছেন।