তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাহাজাহান রেজা’র উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, তেতুঁলবাড়ীয়া ইউনিয়নের জেলা পরিষদ সদস্য মহম্মদ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব, মহিলা কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, মহম্মদপুর সপ্রাবি প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান মাসুম, মাইলমারী সপ্রাবি প্রধান শিক্ষক দানেছুর রহমান, গাংনী মডেল সপ্রাবি প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা,বালিয়াঘাট সপ্রাবি প্রধান শিক্ষক সাহাবুদ্দিন, মুন্দা সপ্রাবি প্রধান শিক্ষক গোলাম ফারুক। ২০১৯-২০ অর্থবছরে ৭ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ৪টি, ওয়াকার ২টি, শ্রবণযন্ত্র ১টি ও ক্র্যাচ ১টিসহ মোট ৮টি উপকরণ বিতরণ করা হয়। এমপি সাহিদুজ্জামান খোকন প্রত্যেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে পোশাক তৈরি করার জন্য তাঁর নিজস্ব তহবিল হতে প্রত্যেককে ১ হাজার টাকা করে বিতরণ করেন। এসময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।