তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জের ধরে হুমায়ুন (৩০) নামের এক যুবকের বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত হুমায়ুন উপজেলার মাহমুদপুর গ্রামের পূর্বপাড়ার এখলাস হোসেনের ছেলে।
মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, পারিবারিক কলহের জের ধরে রোববার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।