তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামে ব্যক্তিমালিকানা জমিতে মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে। জমির সীমানা ও দলিল যাচাই না করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৮১ লাখ টাকা ব্যয়ে ব্যক্তিমালিকানা জমিতে ওই ভবন নির্মাণ করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সরেজমিনে গিয়ে জানা গেছে আংশিক নির্মানের ওই ভবনের ১৬ শতাংশ জমির চার জন শরিক রয়েছে। শরিকানা জমির মালিকরা হলেন-রমজান আলী, আব্দুর রহমান, আঃ বারী ও আঃ খালেক। এ যেন “পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমিতো সেই ঘরের মালিক নই” প্রখ্যাত গায়ক আব্দুল আলীমের গাওয়া এ গানের প্রতিফলন ঘটেছে ওই বিদ্যালয়ে। নিজের জমি ভেবে ৮১ লাখ টাকা ব্যয়ে সরকারী ভবন নিমাণ করা হচ্ছে ব্যক্তি মালিকানাধিন জমিতে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটিকে নিছক ভুল বলে দাবী করলেও প্রকৃত জমির মালিকরা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন ও আইনী ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, চাহিদা ভিক্তিক নতুন জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ও এলজিইডির বাস্তবায়নে ৮১ লাখ ৮৮ হাজার ৮২৭ টাকা ব্যয়ে মহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষ নির্মাণ কাজ শুরু হয় ০১/১২/২০১৯ ইং তারিখে। কাজটি পান ঝিনাইদহ কাঞ্চননগরের নিশিতবসু কনস্ট্রাকশন। কাজটির প্রায় শেষ পর্যায়ে এসে দেখা দিয়ে বিপত্তি। প্রকৃত জমির মালিকগণ এসে কাজটি বন্ধ করে দিয়েছেন। তখন টনক নড়েছে প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
জমির মালিক প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেক জানান, যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি চার শরিকের। যার মৌজা মহব্বতপুর ১৪৩ নং খতিয়ানের ১৮২ দাগ। জমির পরিমান ১৬ শতাংশ। এ জমির পেছনের দিকের ৫৭ নং খতিয়ানের ১৮৩ নং দাগে বিদ্যালয়ের জমি রয়েছে ১৫ শতাংশ। প্রধান শিক্ষককে জমি বিনিময়ের ব্যাপারে অনেকবার বলা হলেও কোন কর্ণপাত করেননি তিনি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিও বারবার বিষয়টি উপক্ষো করেছেন বিষয়টি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জমির শরিকগণ কাজে নিয়োজিত শ্রমিকদেরকে কাজ করতে বাধা দেয়। ফলে বন্ধ হয়েছে নির্মাণ কাজ। বিষয়টিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, এটি নিছক ভুল হয়েছে। জমিটি বিনিময় করলে সব সমস্যার সমাধান হবে। এটি সময়ের ব্যাপার। তবে জমির শরিকরা বিনিময় করতে নারাজ।
বিদ্যালয়ের সভাপতি শহীদ সরোয়ার জানান, বিদ্যালয়ের কাজ শুরুর পরে তিনি সভাপতি হয়েছেন তাই জমিজমার বিষয়টি তার অজানা। গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন জানান, জমির ব্যাপারে তার কিছুই জানা নেই। তবে জমির কাগজপত্র না দেখে ভবন নির্মাণ কাজ কখনও সঠিক হয়নি। বিষয়টি কিভাবে সমাধান করা যায় তার পথ খোজা হচ্ছে।
উপজেলা ইঞ্জিনিয়ার গোলাপ আলী শেখ জানান, স্কুলের কমিটি ও প্রধান শিক্ষক প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করে দিয়েছেন। নক্সা অনুযায়ী উক্ত স্থানে ভবন তৈরী করা হয়েছে। কোন জটিলতা সৃষ্টি হলে সেটি কমিটির বিষয়।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তবে ওই জায়গাটি দীর্ঘদিন যাবৎ স্কুলের ভোগদখল করে আছে।
উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবী জমি সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান করে বিদ্যালয়ের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না হয় সেদিকে অধিক গুরুত্ব দিতে হবে। মেহেরপুর জেলা প্রশাসক ড. মনসুর আলম খান জানান, এটি নিছক ভুলের বিষয় নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।