গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে একটি মামলার শুনানীর সময় লাঞ্চিত হয়েছেন শিক্ষা অফিসার হােসনে মােবারক ও তার অফিস সহকারি তােফাজ্জেল হােসেন।
সােমবার দুপুরে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লাঞ্চিতের ঘটনা ঘটেছে। জানা গেছে,নারী নির্যাতনে অভিযােগে আদালতের একটি মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারককে। সে লক্ষে সোমবার দুপুরে মামলার বাদি ও বিবাদীকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে হাজির হতে বলা হয়। মামলাটির তদন্ত চলাকালীন সময়ে শিক্ষা অফিসের বাইরে বাদী ও বিবাদী পক্ষের লোকজনের মধ্যে বাক বিতন্ডা চলছিল। এসময় শিক্ষা অফিসার হােসনে মােবারক উভয় পক্ষকে শান্ত হওয়ার আহবান জানাচ্ছিলেন। এক পর্যায়ে কিছু যুবক তার উপর চড়াও হয়ে লাঞ্চিত করে।
এসময় কয়েকজন যুবক শিক্ষা অফিসার হােসনে মােবারক এর উপর রাগান্বিত হয়ে মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করে। এর প্রতিবাদ করতে গিয়ে অফিসের অফিস সহকারী তোফাজ্জেল হোসেনও লাঞ্চিত হয়। তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও মেহেরপুর সেনাবাহিনীকে অবহিত করেন শিক্ষা অফিসার হোসনে মোবারক। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের একটিদল ঘটনাস্থলে আসে। এর আগেই সটকে পড়ে ওই যুবকেরা।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, লাঞ্চিতকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ দেখে ও ঘটনাটির তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।