তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে রাস্তার কার্পেটিং কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার সকাল থেকে মেহেরপুর ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন উপজেলার বিভিন্ন রাস্তা ও ব্রিজের কাজ পরিদর্শন করেন।
তিনি প্রথমে বামুন্দি থেকে নওদা মটমুড়া পর্যন্ত রাস্তায় কার্পেটিং এর কাজ পরিদর্শন করেন। উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে মাথাভাঙ্গা নদীর উপর দিয়ে দৌলতপুর উপজেলার মধুগাড়ি গ্রামের ব্রিজটি পরিদর্শন করেন। পরে বেতবারিয়া গ্রাম থেকে নওদাপাড়া বাজার পর্যন্ত রাস্তায় কার্পেটিং এর কাজ সরোজমিনে পরিদর্শন কালে রাস্তাটির প্রায় হাফ কিলোমিটার কাজের মান অত্যন্ত নিম্নমানের প্রতীয়মান হয়েছে। হাতের ছোঁয়ায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিংয়ের কাজ।

নিম্নমানের সামগ্রী ব্যবহার আর কাজ তদারকীর অভাবে এমনটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় জনগন ও এমপি সাহিদুজ্জামান খোকন। রাস্তার মান সন্তোষজনক না হওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। অবশেষে রাস্তাটির নষ্ট অংশ পুনঃনির্মানের কথা জানিয়েছেন গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ শেখ।
জানাগেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে সড়ক রক্ষণাবেক্ষনের অর্থায়নে নওদাপাড়া থেকে বেতবাড়িয়া পর্যন্ত ৩,৩০০ মিটার সড়ক পুণঃনির্মাণের কাজ হাতে নেয় উপজেলা প্রকৌশলী অফিস। যার ব্যয় ধরা হয় এক কোটি ১৬ লাখ টাকা । ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার ফারুক ট্রেডার্স কাজটি বাস্তবায়ন করে। এ ছাড়াও প্রাইমকোট ব্যবহারের পর বৃষ্টির পানিতে নষ্ট হবার পর নতুন করে প্রাইমকোট ব্যবহার করা হয়নি। ফলে হাতের ছোঁয়ায় কার্পেটিং উঠে যাচ্ছে। রাস্তায় কার্পেটিং এর পূর্বে উভয় পাশে তিনফুট করে মাটি ভরাটের কথা থাকলেও তা করা হয়নি।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার এমপি সাহিদুজ্জামান খোকন রাস্তা পরিদর্শনে যান ও সত্যতা খুজে পান। অবশেষে উপজেলা প্রকৌশলী গোলাপ শেখ নষ্ট ও নিম্নমানের রাস্তা পুনঃনির্মানের আশ্বাস দেন।
উপজেলা প্রকৌশলী গোলাপ শেখ জানান, রাস্তার কাজে কোন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। প্রাইমকোট ব্যবহারের পর পানিতে ধুয়ে যাবার ফলে রাস্তার কিছু অংশে কার্পেটিং উঠে গেছে। এ অংশে আবারো কাজ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সিডিউল অনুযায়ী কাজ শেষ না করা হলে বিল পরিশোধ করা হবে না বলেও জানান উপজেলা প্রকৌশলী।