মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম এবং সজীব সরদার নামের দুই মাদক ব্যবসায়ী আটক ।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া ষোলটাকা সড়কের অভিযান চালিয়ে রবিউল ইসলাম এবং সজিব সরদারকে আটক করা হয়।আটক রবিউল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাঝি গ্রামের মান্নান সরদারের ছেলে এবং সজীব সরদার একই এলাকার আজিজুল সরদারের ছেলে।
জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা রাত একটা থেকে জোরপুকুরিয়া ষোলটাকা সড়কে অবস্থান গ্রহণ করেন। দীর্ঘক্ষন অবস্থানের পর সকাল সাড়ে পাঁচটার দিকে মাদক কারবারীরা মোটরসাইকেল যোগে ওই সড়ক দিয়ে যাবার পথে তাদের ব্যারিকেট করে। এ সময় মোটরসাইকেলে রাখা একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ৯ কেজি গাঁজা উদ্ধার করে। তাদের বহনকরা “টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি” মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান,সোর্স মারফত খবর পেয়ে রাত একটার দিকে আমরা ফোর্স নিয়ে ঐ এলাকায় অভিযানে যাই। তিনি জানান, মাদক ব্যবসায়ীদ্বয় বারবার তাদের অবস্থান পরিবর্তন করার পর সকাল সাড়ে পাঁচটার দিকে জোরপুকরিয়া ষোলটাকা সড়কের মাঝামাঝি স্থানে রাস্তায় গাছের ডালপালা ফেলে তাদের প্রতিরোধ করি। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মাঝেখানে বস্তার মধ্যে রাখা প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করি। এবং মোটরসাইকেল সহ তাদের আটক করি।