মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়িয়া বাজারে একই রাতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি দোকান থেকে নগদ টাকা,স্বর্ণালঙ্কারসহ অন্তত ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।গাঁড়াবাড়িয়া গ্রামের হাটপাড়ার জোয়াদ আলী মাস্টারের ছেলে সোহেল রানা জানান, আমার শাহী টেলিকম নামের প্রতিষ্ঠান,আব্দুল মতিন-এর হার্ডওয়ার দোকান ও আবু তালেব-এর জুয়েলার্সের দোকানে চুরি হয়। চোরেরা আমার দোকানের তালা ভেঙ্গে ৪৫ হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে গেছে।
একই রাতে আব্দুল মতিন-এর হার্ডওয়ার দোকান থেকে ৪টি মটরসহ বিভিন্ন প্রকার মালামাল চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৫০ হাজার টাকা । এছাড়াও একই রাতে আবু তালেব-এর মুক্তি জুয়েলার্সে চুরি হয়েছে। জুয়েলার্সে রাখা ৫ হাজার টাকা,স্বর্ণা সহ আনুমানিক ২লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়।
দোকান মালিক সোহেল রানা আরো জানান, আমার দোকানে সিসি ক্যামেরা লাগানো ছিলো। তারপরও চুরির ঘটনা ঘটেছে। গাঁড়াবাড়িয়া বাজারের পাহারাদার মোন্তফা বারী জানান,আমি সব দোকানের সামনে দিয়ে সারারাত হাঁটাহাটি করে পাহারা দিয়ে ফরজের আযানের পর বাড়ি যায়। ধারণা করা হচ্ছে,চোরেরদল দোকান গুলোর পিছনের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে এমনটি করেছে।
স্থানীয় ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পরিদর্শন ও বাজারে লাগানো সিসি ক্যামেরায় ভিডিও এবং ঘটনাস্হল থেকে ২টি মোবাইলফোন উদ্ধার করেছি। এসব আলামত নিয়ে চোর চক্র সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।