সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুস সােবহান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ)। মঙ্গলবার সন্ধায় ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৩ সন্তানের জনক আব্দুস সােবহান মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত তফিল উদ্দীনের ছেলে।
আব্দুস সােবহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ। আব্দুস সােবহানের পারিবারিক সূত্রের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান সােহেল আহমেদ মেহেরপুর নিউজকে জানান, গত শনিবার সকাল ৭টার দিকে আব্দুস সােবহান মেম্বার নিজ বাড়িতে তাওয়া দ্বারা পানি দিয়ে কাঁচা হলুদ গরম করছিলেন। অসাবধানবশত সে তাওয়ার উপর পড়ে গেলে,গরম পানিতে তার পুরাে শরীর ঝলসে গুরুতর ভাবে আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখান থেকে ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আব্দুস সােবহানের মরদেহ বুধবারে দাফন হবে বলে পারিবারিক সূত্র জানায়। এদিকে,আব্দুস সােবহানের মৃত্যুতে শােক প্রকাশ করেছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।