গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে ৫ বছরের এক শিশুকে কলা খাওয়া প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ লাল্টু মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত লাল্টু মিয়া সাহারবাটী গ্রামের মৃত সানোয়ার হােসেনের ছেলে।
রবিবার বিকালে সাহারবাটী গ্রামের বাঙ্গালপাড়ায় এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর থেকেই আত্মগোপন করেছেন অভিযুক্ত লাল্টু। ভূক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে সাহারবাটী বাঙ্গালপাড়ার একটি শিশু বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল।
এসময় প্রতিবেশী লাল্টু মিয়া তাকে কলা খাওয়ার প্রলোভনে নিজের বাড়িতে নিয়ে যান। স্ত্রীর অনুপস্থিতিতে শিশুকে ঘরের মধ্যে নিয়ে যৌন নির্যাতন করে। শিশুটির কান্নাকাটিতে লাল্টু তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। ছাড়া পেয়ে বাড়ি গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায় যৌন নির্যাতনের শিকার ওই শিশু। পরিবারের লোকজন বিষয়টি নিয়ে লাল্টুর বাড়িতে গেলে, লাল্টু পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাল্টু মিয়ার বিরুদ্ধে এর আগেও এধরণের অভিযোগ রয়েছে।
গাংনী থানা সূত্র জানায়, শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত লাল্টুকে আটকের চেষ্টা চলছে।