তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা অ্যাকাডেমিক ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
জানাগেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা অ্যাকাডেমিক ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা।
এ ভবনের একতলার ছাদ ঢালাই করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের নাম প্রস্তাব করেন। মাধ্যমিক বিদ্যালয় ভবনটির নাম ওই এলাকার সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম রহমান কালু অ্যাকাডেমিক ভবন, প্রাথমিক বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের নাম মরহুম গোলাম রসুল নামকরণ করা হয়।
চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়টির গেইট, সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ বাবদ দশ লক্ষ টাকা, খেলার মাঠে মাটি ভরাটের জন্য একলক্ষ টাকা, দুলাল নগর ওয়াক্তিয়া মসজিদের জন্য দুই বান্ডিল ঢেউ টিনসহ নগদ অর্থ এবং স্কুলের পাশের একটি মসজিদে একলক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ওমর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেস, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইব্রাহিম আদিল রুমেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার পাল, উপ-সহকারী প্রকৌশলী শাহিন উজ জামান পারভেজ, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, ঠিকাদার ফারুক হাসান, আওয়ামীলীগ নেতা আল ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।